যে কারণে বিসিএস সিলেবাস পরিবর্তন

- সর্বশেষ আপডেট ০৪:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 389
বিসিএস পরীক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে দক্ষতা ও বিশ্লেষণী ক্ষমতার ওপর জোর দিতে সিলেবাসে পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে কমিটি গঠনসহ মূল্যায়ন পদ্ধতিতেও আসছে সংশোধন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রচলিত কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রার্থীদের শুধু তথ্যভিত্তিক জ্ঞান নয়, বরং বাস্তব প্রয়োগক্ষমতা ও বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ের দিকেই জোর দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরির নিয়োগে ‘স্কিল-বেজড’ বা দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু করা বর্তমান কমিশনের প্রধান লক্ষ্যগুলোর একটি। এ উদ্দেশ্যে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনা করবে।
কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস সিলেবাসে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন আনা হবে বলে জানান তিনি। এতে প্রার্থীদের মুখস্থ জ্ঞানের পরিবর্তে বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা এবং প্রয়োগক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হবে।
লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষাতেও পরিবর্তনের ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যোগ্যতাভিত্তিক’ সাক্ষাৎকার পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে প্রার্থীর মনোভাব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও বাস্তব দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া দীর্ঘসূত্রতা কমাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার দিকেও জোর দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পর এক বছরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৫০তম বিসিএসের সময়সূচি প্রকাশ ও কার্যক্রম তারই একটি উদাহরণ।


































