ময়মনসিংহে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা
- সর্বশেষ আপডেট ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 101
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঘরে ঢুকে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন- রতন মিয়া (৩৩) ও তাঁর মেয়ে নুরিয়া আক্তার (৭)। আহত স্ত্রী জুলেখা আক্তার (২৭) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয়রা রতনের ঘর থেকে চিৎকার শুনে এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় রতন ও তার মেয়েকে পড়ে থাকতে দেখেন। রতনের মরদেহ ঘরের মেঝেতে এবং মেয়ের মরদেহ খাটের ওপর পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে।

































