প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু
- সর্বশেষ আপডেট ১০:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 10
শারীরিক অবস্থা এখন স্থিতিশীল—এমন দাবি জানিয়ে প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেওয়ার বিষয়টি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ম্যালিগন্যান্ট প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করে বলেন, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময়ই বিষয়টি সামনে আনা হয়েছে। তিনি দাবি করেন, চিকিৎসার পর তার শারীরিক সক্ষমতা পরীক্ষায় সবকিছু স্বাভাবিক পাওয়া গেছে।
নেতানিয়াহু ব্যাখ্যা করে বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচারের পর নিয়মিত পরীক্ষায় চিকিৎসকেরা একটি ছোট দাগ শনাক্ত করেন। তিনি যোগ করেন, এক সেন্টিমিটারেরও কম আকারের সেই দাগ পরে প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে ধরা পড়ে, তবে তা শরীরের অন্য কোথাও ছড়ায়নি।
চিকিৎসা নিয়ে তিনি বিশ্লেষণ করে বলেন, শুরুতে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিলেও তিনি দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগেভাগে জানলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াই উচিত—এমনটিই তিনি মনে করেন।
তিনি আরও দাবি করেন, লক্ষ্যভিত্তিক চিকিৎসার মাধ্যমে সমস্যাটি দূর করা হয়েছে এবং বর্তমানে এর কোনো চিহ্ন নেই।
স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্ব প্রসঙ্গে তিনি উল্লেখ করে বলেন, আঞ্চলিক উত্তেজনার সময়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি যুক্ত করেন, মার্চ মাসে সংঘাত চলাকালে তার শারীরিক অবস্থা নিয়ে অনলাইনে নানা গুজব ছড়িয়েছিল।
হৃদ্যন্ত্রের বিষয়ে তিনি বলেন, ২০২৩ সালের জুলাইয়ে শরীরে পেসমেকার বসানো হলেও বর্তমানে কোনো জটিলতা নেই এবং তার হৃদ্যন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে।































