পুলিশকে সতর্কবার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ
- সর্বশেষ আপডেট ০২:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 121
জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে দেশ কার্যত দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে রয়েছে যারা ভারতনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে এবং ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কথা বলছে। অন্যদিকে রয়েছে সেই শক্তি, যারা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পক্ষে সংগ্রাম করছে। তার দাবি, ১১ দলীয় জোট ইনসাফে বিশ্বাসী এবং দেশকে আর কোনো ধরনের গোলামির শৃঙ্খলে আবদ্ধ হতে দেবে না।
ইনকিলাব মঞ্চে পুলিশের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা কোনো রাজনৈতিক দলের অনুগত হবেন না। আপনার দায়িত্ব দেশের প্রায় ১৮ কোটি মানুষের পাশে থাকা।”
তিনি আরও বলেন, গত ১৭ বছরে যারা একটি বিশেষ দলের হয়ে কাজ করেছেন, জুলাই বিপ্লবে তাদের পরিণতি সবাই দেখেছে। তাই পুলিশকে নিরপেক্ষ থেকে কেবল আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা অনেকটাই নির্ভর করছে এই ভোটের ওপর।
তার ভাষায়, এই নির্বাচন হবে দেশের মালিকানা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদী কায়দায় ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে।
১১ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশনা দেন, ১২ তারিখ সকাল ৭টার মধ্যেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে কেন্দ্র পাহারা দিতে হবে এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না। তিনি বলেন, আসন্ন ভোট হবে চাঁদাবাজ, দখলবাজ ও ধান্দাবাজদের বিরুদ্ধে জনতার ব্যালট বিপ্লব।
সভায় তিনি আরও দাবি করেন, অনেক ভোটার প্রকাশ্যে ধানের শীষ প্রতীক বহন করলেও ভোট দেবেন দাঁড়িপাল্লা প্রতীকে। এসব ভোটারকে নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। যশোরে দাঁড়িপাল্লার পক্ষে বড় ধরনের ব্যালট বিপ্লব ঘটানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেন। একই সঙ্গে তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
শনিবার সকালে যশোরের ভৈরব চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। যশোর বিমানবন্দরে অবতরণের পর খুলনায় যাওয়ার পথে অল্প সময়ের জন্য তিনি এই পথসভায় অংশ নেন।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা নুরুজ্জামান। দড়াটানা ভৈরব চত্বরে আয়োজিত এই সভায় আরও বক্তব্য দেন জামায়াতের সদর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান, এনসিপি নেতা সাকিব শাহরিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।





























