নীলফামারীতে মাদক মামলার আসামির মুক্তি চেয়ে বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ০৮:৩৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 23
নীলফামারীর ডিমলায় মাদক মামলায় গ্রেপ্তার সুজন ইসলামের মুক্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তাঁর স্বজন ও সমর্থকেরা। পরে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার বিকেলে নীলফামারী শহরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হন সুজনের স্বজন ও সমর্থকেরা। একপর্যায়ে তাঁরা সুজনের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ জানায়, বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে নীলফামারী সদর থানায় নিয়ে যায়।
এর আগে শুক্রবার রাতে সৈয়দপুরের পুরাতন বাবুপাড়া এলাকা থেকে সুজন ইসলামকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, সুজন মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে ঢাকা মহানগরসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ডিমলা থানার একটি মাদক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে বিক্ষোভে কতজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

































