দুই হাজার শিক্ষক-কর্মচারী পাচ্ছেন উচ্চতর গ্রেড
- সর্বশেষ আপডেট ১২:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 12
সারাদেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজের আরও দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার অনুষ্ঠিত মে মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি স্কুলের এক হাজার ৭৮২ জন এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধা পাচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ শিক্ষক-কর্মচারীদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে এ উচ্চতর গ্রেড অনুমোদন করা হয়েছে।
স্কুল পর্যায়ে উচ্চতর গ্রেড পাওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলে ২৩৬ জন, চট্টগ্রামে ১৫৮ জন, কুমিল্লায় ১২৮ জন, ঢাকায় ১৯৪ জন, খুলনায় ২৫৩ জন, ময়মনসিংহে ২৬০ জন, রাজশাহীতে ২৮০ জন, রংপুরে ২১৩ জন এবং সিলেটে ৬০ জন রয়েছেন।
অন্যদিকে কলেজ পর্যায়ে উচ্চতর গ্রেড স্কেল পেয়েছেন বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রামের ৭ জন, কুমিল্লার ২৭ জন, ঢাকার ২৬ জন, খুলনার ৩৭ জন, ময়মনসিংহের ২৩ জন, রাজশাহীর ৬৩ জন, রংপুরের ১২ জন এবং সিলেট অঞ্চলের ৭ জন শিক্ষক-কর্মচারী।
সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এতে অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, উচ্চতর গ্রেড স্কেল অনুমোদনের এ সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা বৃদ্ধি করবে এবং দীর্ঘদিনের দাবি পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

































