দীঘিনালায় ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক
- সর্বশেষ আপডেট ০২:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 7
খাগড়াছড়ির দীঘিনালায় ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শুক্কুর আলী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার হওয়া মাদকসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার বোয়ালখালী চৌমুহনী এলাকার চন্দন শীলের সেলুনের সামনে সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীঘিনালা থানার এসআই মো. নাজমুল হাসান মোল্লার নেতৃত্বে একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বোয়ালখালী চৌমুহনী এলাকায় যায়। সেখানে স্থানীয়রা একজনকে আটক করে রেখেছিলেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম শুক্কুর আলী বলে জানান। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার জিন্স প্যান্টের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো কমলা ও সাদা রঙের ২৮ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২ দশমিক ৮ গ্রাম।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ইয়াবাসহ একজনকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় করা মামলার তদন্ত চলছে। আটক শুক্কুর আলীর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।





























