জুলাই সনদ নিয়ে আদালতের হস্তক্ষেপ ‘এখতিয়ার বহির্ভূত’: বদিউল আলম
- সর্বশেষ আপডেট ১০:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 78
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই জাতীয় সনদ একটি রাজনৈতিক ঐকমত্যের দলিল।
এটি প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত করার চেষ্টা বর্তমান সরকারের জন্য আত্মঘাতী হতে পারে। আদালতের রুল জারি বা হস্তক্ষেপ এ বিষয়ে এখতিয়ার বহির্ভূত।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি: সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি জানান, সনদটি দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয়েছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দলিলের প্রয়োগ ব্যর্থ করলে তা গণঅভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করার সমতুল্য হবে।
ড. বদিউল আলম বলেন, বর্তমানে অনেকে সংবিধানের মধ্যে সব সমাধান খুঁজছেন, কিন্তু সরকার মূলত গণঅভ্যুত্থানের অধীনে নির্বাচিত। তাই সমাধানও জনগণের সার্বভৌম অধিকারের জায়গা থেকে খুঁজতে হবে।
যাঁরা আদালতের হস্তক্ষেপ বা বিতর্ক তুলে ধরছেন, তিনি প্রশ্ন করেন, তারা কি গণঅভ্যুত্থানকে অস্বীকার করছেন, নাকি ভুলে গেছেন।
তিনি সতর্ক করে বলেন, অহেতুক বিতর্ক বা বিভক্তি রাজনৈতিক অনৈক্য তৈরি করতে পারে, যা অপশক্তির সুযোগ বাড়াবে। তাই দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদের রক্তের ঋণ পরিশোধের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলোকচিত্রী শহিদুল আলম, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ব্যারিস্টার ফুয়াদ হোসেন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।



































