জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, স্থান পেয়েছে ৩৮ নারী সদস্য
- সর্বশেষ আপডেট ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 235
আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে পুনরায় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমিটি অনুমোদন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শীর্ষ নেতাদের পরামর্শক্রমে নতুন দায়িত্বশীলদের নির্বাচন ও শপথ সম্পন্ন হয়।
নতুন কাঠামোয় চারজন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন—এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
সহকারী সেক্রেটারি জেনারেল হয়েছেন সাতজন: মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। কর্মপরিষদে ২১ জন এবং শূরায় ১৭ জন নারী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দলীয় কার্যক্রমে গতি আনতে ঢাকাসহ সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মাছুম।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর আমির নির্বাচিত হওয়ার তিন মাসের মাথায় নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল দলটি। নতুন কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।





























