গ্যাস সংকট নিয়ে সুখবর!
- সর্বশেষ আপডেট ০৪:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 21
দেশজুড়ে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমবে এবং পরের সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, একটি এফএসআরইউতে বয়লার বিস্ফোরণের ঘটনার কারণে গ্যাস সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি জানান, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে বর্তমানে সরবরাহ হচ্ছে প্রায় ২৭০ কোটি ঘনফুট। দেশের অভ্যন্তরীণ উৎস থেকে প্রায় ১৬০ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে এবং বাকি চাহিদা এলএনজি আমদানির মাধ্যমে পূরণ করা হচ্ছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভোলার গ্যাস ব্যবহারের বিষয়েও কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় চাহিদা মেটানোর পর অতিরিক্ত গ্যাস এলএনজিতে রূপান্তর করে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে এ প্রক্রিয়া বাস্তবায়নে প্রায় এক বছর সময় লাগতে পারে।
এদিকে গ্যাস সংকটের কারণে আগামী ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটি জানিয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি পূরণের জন্য সরকারকে আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে ৩০ জুলাই দেশের সব সিএনজি স্টেশন স্বাভাবিক নিয়মে চালু থাকবে।


































