কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

- সর্বশেষ আপডেট ১০:০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 220
উজানের পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীগুলোর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জেলায় একটি স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা ব্যক্ত করেছে।
সরেজমিনে দেখা গেছে, গত তিন দিন ধরে কুড়িগ্রামে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষ নতুন করে জলাবদ্ধতা ও বন্যা ঝুঁকিতে পড়েছেন। গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকালের তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি সামান্য (৪ সেমি) কমলেও একই সময়ে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর পানি ২ থেকে ১৩ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নদ-নদীর অববাহিকায় থাকা নিচু পাটক্ষেতগুলো ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে। পানি দীর্ঘস্থায়ী হলে পাটের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নদীভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলার বিভিন্ন নদ-নদীর তীরবর্তী অন্তত ৩৫টি পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর এলাকার বাসিন্দা মাওলানা মাহাবুবার রহমান জানান, ব্রহ্মপুত্র ও ধরলার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন তীব্র হয়েছে। হুমকিতে থাকা পরিবারগুলো নিরুপায় হয়ে নিজেদের ভিটেবাড়ি সরিয়ে নিচ্ছেন। বছরের পর বছর ধরে চলা এই ভাঙন রোধে স্থায়ী কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার আমিনা বেগম জানান, নদী একদম বাড়ির কাছে চলে আসায় মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও তিনি ভেঙে সরিয়ে নিচ্ছেন, তবে কোথায় আশ্রয় নেবেন তা এখনও নিশ্চিত নন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী আরও অন্তত তিন দিন জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তিস্তা নদীর পানি দ্রুতই বিপৎসীমা অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে একটি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি আরও জানান, ভাঙন মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড তৎপর রয়েছে। ইতোমধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ২৫টি স্থানে বালুভর্তি জিও ব্যাগ (GEO Bag) ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হচ্ছে। তবে প্রশাসনিক বরাদ্দ ও অনুমতি না থাকায় বাকি ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে এই মুহূর্তে কাজ শুরু করা যাচ্ছে না।































