কিশোরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
- সর্বশেষ আপডেট ০৭:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 72
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রদলের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের একটি আশ্রয়কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া (২২), মো. মনির ভূঁইয়া (২০), মো. সারোয়ার (২৭), মো. সাব্বির (২০), মো. এশারুল মোল্লা (৩৮) ও মো. আরিফ (২৬)। তাঁদের সবার বাড়ি ইটনা উপজেলায়।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোরে থানেশ্বর স্কুল অ্যান্ড কলেজের পাশে বন্যার্তদের জন্য নির্মিত একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, থানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ইটনা থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে বাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান রনি বলেন, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া সংগঠনের আদর্শের বাইরে গিয়ে অন্য লাইনে চলেন। বিষয়টি উপজেলা নেতাদের জানানো হয়েছে। তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন বলেন, সদস্যসচিবের সঙ্গে আলোচনা করে মানার ভূঁইয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।































