করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় রাখার প্রস্তাব ঢাকা চেম্বারের

- সর্বশেষ আপডেট ০৮:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 151
আসন্ন বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণ এবং করহার যৌক্তিক পর্যায়ে রাখার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। সংগঠনটি কর ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের ওপরও জোর দিয়েছে।
সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে ডিসিসিআই আয়কর ও ভ্যাট ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে একগুচ্ছ সংস্কার প্রস্তাব তুলে ধরে। সেখানে কর-জিডিপি অনুপাত বাড়াতে করব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে জানানো হয়, ২০২৫ অর্থবছরে দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ৭ শতাংশে, যা উন্নয়ন ব্যয়ের তুলনায় অপর্যাপ্ত। ফলে সরকারকে ঋণ ও পরোক্ষ করের ওপর অতিরিক্ত নির্ভর করতে হচ্ছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে অনানুষ্ঠানিক অর্থনীতির বড় অংশ এখনো করজালের বাইরে থাকায় সম্ভাব্য রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে কর নেট সম্প্রসারণ ও করদাতা শনাক্তকরণ সহজ করতে কর ব্যবস্থার অটোমেশনকে জরুরি বলে মনে করে ডিসিসিআই।
সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণ করা উচিত। পাশাপাশি সর্বোচ্চ করহার ২৫ শতাংশে সীমিত রাখার সুপারিশ করা হয়েছে। নন-লিস্টেড কোম্পানির করহারও লিস্টেড কোম্পানির সমান ২৫ শতাংশ করার কথা বলা হয়েছে।
এছাড়া সম্পূর্ণ অটোমেটেড করপোরেট রিটার্ন ব্যবস্থা চালু, ETDS প্ল্যাটফর্মকে eTax NBR Portal-এর সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয়করণ এবং আমদানি পর্যায়ে অগ্রিম কর ধাপে ধাপে কমানোর প্রস্তাব দেওয়া হয়।
ভ্যাট ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে অনলাইন ব্যবস্থাপনার পাশাপাশি মোবাইল অ্যাপ চালুর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অগ্রিম ভ্যাট ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত করে পণ্য বা সেবার চূড়ান্ত মূল্যের ওপর ভ্যাট নির্ধারণ এবং দ্রুত রিফান্ড নিশ্চিত করতে সিঙ্গেল-স্টেপ রিফান্ড চালুর প্রস্তাবও তুলে ধরা হয়।
সব মিলিয়ে, ব্যবসাবান্ধব করনীতি গঠনের মাধ্যমে রাজস্ব কাঠামোকে আরও বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানিয়েছে ডিসিসিআই।































