এমপিও শিক্ষকদের বদলি নীতিমালা জারি

- সর্বশেষ আপডেট ০৭:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 205
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা জারি করেছে সরকার, যেখানে একজন শিক্ষক সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার প্রজ্ঞাপন জারি করে এ নীতিমালা কার্যকর করে। এতে বলা হয়েছে, জনস্বার্থে প্রয়োজন হলে সরকার শিক্ষকদের বদলি করতে পারবে, তবে ব্যক্তিগতভাবে একজন শিক্ষক তার পুরো কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।
নীতিমালাটি দেশের বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। শূন্যপদের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, এরপর সেই শূন্যপদের বিপরীতে শিক্ষকদের কাছ থেকে আবেদন নেওয়া হবে।
একই পদে শূন্যতা থাকলে প্রতিষ্ঠানপ্রধান থেকে শুরু করে সহকারী প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষকরা আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ এবং নতুন কর্মস্থলে যোগদানের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে নিজ জেলাকে। সেখানে সুযোগ না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় আবেদন করা যাবে। পাশাপাশি স্বামী বা স্ত্রীর কর্মস্থল কিংবা নিজ জেলার ভিত্তিতেও বদলির আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
তবে প্রথম যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ না হলে কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।


































