এপ্রিলে সড়কে প্রাণ গেল ৫১০ জনের
- সর্বশেষ আপডেট ০৩:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 133
গত এপ্রিলে দেশে সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১ হাজার ২৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৬৩ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে সারাদেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ২৬৮ জন। বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, একই মাসে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নৌপথে ৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৫৮৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৬৩ জন, আহত হয়েছেন ১ হাজার ২৭৯ জন।
সংগঠনটির পর্যবেক্ষণে দেখা গেছে, এপ্রিলজুড়ে ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪২ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। মোট সড়ক দুর্ঘটনার প্রায় এক-চতুর্থাংশই ছিল মোটরসাইকেলকেন্দ্রিক।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৩৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭ জন, আহত ২৬৩ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে ১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন, আহত হয়েছেন ৬৪ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে। সংগঠনটির দাবি, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বিদ্যমান ব্যবস্থার মৌলিক সংস্কার প্রয়োজন। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের পরিবর্তে দক্ষ পরিবহন বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে খাত পরিচালনা করা গেলে দুর্ঘটনা ও প্রাণহানি কমানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।




























