ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি
- সর্বশেষ আপডেট ০৩:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 6
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির পরিধি আরও দীর্ঘ হচ্ছে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় সর্বোচ্চ ২১ দিনের ছুটি ভোগ করবেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকারি অফিস খোলা রাখা হবে। ওই দিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যদিও সরকারি ছুটির সূচিতে পরিবর্তন আনা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছুটিতে কোনো সংশোধন করা হয়নি।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে। চলবে ৪ জুন পর্যন্ত। এর আগে ও পরে সাপ্তাহিক শুক্র ও শনিবারের বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।
একইভাবে কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিন হলেও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে।
অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে ২৪ মে এবং শেষ হবে ১১ জুন। মাঝখানে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য টানা ২১ দিনের অবকাশ তৈরি হচ্ছে।































