ইশতেহার ভঙ্গের অভিযোগ বিএনপির বিরুদ্ধে জামায়াতের

- সর্বশেষ আপডেট ১০:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 87
বিএনপি নিজেদের নির্বাচনি অঙ্গীকার থেকে সরে এসেছে—এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারসংক্রান্ত পদক্ষেপগুলো বাতিল করে দলটি নিজেদের প্রতিশ্রুতিই লঙ্ঘন করেছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গুম, মানবাধিকার, পুলিশ সংস্কার, দুদক ও পিএসসি সংশ্লিষ্ট যেসব অধ্যাদেশ জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচারের সঙ্গে যুক্ত, সেগুলো বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করেছে। তাঁর ভাষায়, এসব সিদ্ধান্ত ফ্যাসিবাদ প্রতিরোধের পরিবর্তে উল্টো সেই পথই প্রশস্ত করছে।
তিনি বলেন, এসব অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা তাৎক্ষণিকভাবে সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন। বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে জামায়াত আমির বলেন, শেষ পর্যন্ত জনগণেরই বিজয় হবে এবং সেই লক্ষ্যে দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের চেতনা উপেক্ষা করে সরকার এগোচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আনা কিছু সংস্কার প্রস্তাব এখন বিএনপি ধরে রাখতে চাইছে, যা নতুন করে কর্তৃত্ববাদী পরিস্থিতির আশঙ্কা তৈরি করছে। এটি প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধান যদি জনগণের জন্য হয়ে থাকে, তবে জনগণের মতামতের ভিত্তিতেই প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।































