আরও ৫ দিন ঝড়বৃষ্টির আভাস
- সর্বশেষ আপডেট ০৪:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 67
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
শনিবার থেকে সোমবার পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং কয়েকটি এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।





























