আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

- সর্বশেষ আপডেট ০২:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 200
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কেনা হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরে ড. সালেহউদ্দিন বলেন, “আনসার বাহিনীর অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে।”
তিনি আরও জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনা হবে না। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সেই ব্যবস্থা দেওয়া হবে এবং কেনার প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন হবে। ইলেকশন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
অর্থ উপদেষ্টা আরও জানান, চাহিদার কারণে এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া টিকার সংকট মোকাবিলায় ইপিআই টিকা কেনা হবে। বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে।































