১৬৮ কোটি টাকায় মসুর ডাল কিনবে সরকার
- সর্বশেষ আপডেট ০৮:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 30
দেশের খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ১৬৮ কোটি ৪০ লাখ টাকা।
বুধবার (২০ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে রাইস ব্র্যান অয়েল ও পাম অলিন কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দুই ধাপে মোট ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। প্রতিটি ধাপে ১০ হাজার মেট্রিক টন করে ডাল সংগ্রহ করা হবে।
প্রথম ধাপে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ৮৪ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সা।
দ্বিতীয় ধাপেও আরও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন থেকে ৫ হাজার মেট্রিক টন এবং রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ডাল মিল থেকে বাকি ৫ হাজার মেট্রিক টন ডাল সংগ্রহ করা হবে।
এই ধাপে মোট ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৬৩ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম পড়বে ৮৩ টাকা ৬৩ পয়সা।
































