হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২০
- সর্বশেষ আপডেট ০৬:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 14
দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ল। গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন আক্রান্ত ও ভর্তি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য।
গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশে সাতজন শিশু মারা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে একজন এবং খুলনায় একজন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ ও হামে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন শিশু। এর মধ্যে ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৬ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৯ হাজার ১২ জন শিশু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬৪ হাজার ২৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ৬০ হাজার ৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
একই সময়ে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৯ জনে। আর হামে শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ জন শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ৬২০ জনে পৌঁছেছে।































