হবিগঞ্জে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২৭
- সর্বশেষ আপডেট ১১:৩৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 35
হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে ঢুকে শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও এক কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর একটি শেয়াল লোকালয়ে প্রবেশ করে বিভিন্ন স্থানে মানুষকে কামড়াতে শুরু করে। এতে তিনটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের মধ্যে আটজন নারী, ১৮ জন পুরুষ ও একজন কিশোর রয়েছেন।
ডা. লুৎফুল হাসান শোহন জানান, সোমবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শেয়ালের কামড়ে আহত ২৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
































