সাজেকে পঞ্চম দিনেও অবরোধ, আলোচনার উদ্যোগ
- সর্বশেষ আপডেট ১২:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 30
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে তিন দফা দাবিতে পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ চলছে। গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের এই অবরোধের কারণে বন্ধ রয়েছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে পিকেটারদের দেখা না গেলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক থেকে অপসারণ, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনাসহ তিন দফা দাবি রয়েছে তাঁদের। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
অবরোধের কারণে পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা করছেন। রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। ফলে সেখানে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে।
রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।




























