মালিক নয়,চালকের বিরুদ্ধে হবে ৫০% ট্রাফিক মামলা: ডিএমপি
- সর্বশেষ আপডেট ১০:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 113
সড়কে আইন ভঙ্গের ঘটনায় এখন থেকে অন্তত ৫০ শতাংশ ট্রাফিক মামলা সরাসরি চালকের নামে করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মাধ্যমে চালকদের জবাবদিহিতা বাড়ানো এবং ড্রাইভিং লাইসেন্সে ডিমেরিটস পয়েন্ট কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেছেন, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করা হলেও বাস্তবে আইন ভঙ্গ করেন চালক। তাই এখন থেকে ন্যূনতম ৫০ শতাংশ মামলা সরাসরি চালকের নামে দেওয়া হবে।
মঙ্গলবার ডিএমপির এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চালকের নামে মামলা হলে তাকে জরিমানা পরিশোধের পাশাপাশি ডিমেরিটস পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টও হারাতে হবে। এতে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়বে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে গাড়ির মালিকরা কোনো চালককে নিয়োগ দেওয়ার আগে তার লাইসেন্সের ডিমেরিটস পয়েন্ট যাচাই করে সিদ্ধান্ত নিতে পারবেন।
ভুয়া মামলার বিষয়ে সতর্ক করে আনিসুর রহমান বলেন, ট্রাফিক বিভাগ কখনও কোনো পাসওয়ার্ড বা কোড নম্বর চাইবে না। মামলার নোটিশে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে। পাশাপাশি ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষরও মামলার কপিতে সংযুক্ত থাকবে।
এদিকে, খুব শিগগিরই সঠিক ও স্পষ্ট নম্বরপ্লেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।






























