বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
- সর্বশেষ আপডেট ০৮:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 95
চীনের দালিয়ান থেকে বেইজিং পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্টেশনে তাদের স্বাগত জানান চীনা কর্মকর্তারা। এ সময় গার্ড অব অনারও প্রদান করা হয়।
অভ্যর্থনা শেষে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথিশালা দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদল সেখানেই অবস্থান করবেন।
এর আগে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপদেষ্টারা।
বেইজিংয়ে যাওয়ার আগে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর তার প্রথম বিদেশ সফর। এই সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
































