‘বিএনপি আ.লীগের ফাঁদে পড়েছে’—চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী
- সর্বশেষ আপডেট ০৯:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 250
চাঁদপুরের মতলব উত্তরে এনসিপির ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে বিএনপিকে আওয়ামী লীগের ফাঁদে পড়ার অভিযোগ করেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই অনুষ্ঠানে বিএনপির বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে এসব বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দু-একদিন আগে সরকার আমাদের খুনিদের সঙ্গে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।”
একই অনুষ্ঠানে সারজিস আলম বলেন, “নির্বাচিত সরকারের চার মাসে যত ধরনের প্রতারণা দেখেছি, অতীতে কোনো সরকার এত অল্প সময়ে এত প্রতারণা করতে পারে—এটা মানুষ কল্পনাও করেনি।”
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে। জনগণের চাওয়া অনুযায়ী সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা না হলে সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি কিংবা ৩১ দফা—দুটোর একটি মিথ্যা প্রমাণিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম এবং জেলা আহ্বায়ক মাহবুব আলম। মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক ইমাদুল ইসলাম।
এর আগে কেন্দ্রীয় নেতারা মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।




























