প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক
- সর্বশেষ আপডেট ১১:৫০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 36
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এস এম জিলানী, আব্দুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর কমিটির সদস্যদের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে প্রাথমিক পর্যালোচনা করা হয়।
স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন দায়িত্ব পালনকালে নিহত সশস্ত্র বাহিনীর সদস্য এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন। তিনি জুলাই আন্দোলনে আহতদের প্রতিও সমবেদনা জানান।
সভাপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর পুনর্গঠন, শৃঙ্খলা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা নীতি ও আধুনিকায়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন।
বৈঠকে সরকারের নেওয়া সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন, প্রশিক্ষণের উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি এবং তাদের কার্যক্রমের প্রাথমিক পর্যালোচনা করা হয়। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে পুরোনো যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সশস্ত্র বাহিনীকে সজ্জিত করার সুপারিশ করা হয়। সেনাবাহিনীর নির্মাণাধীন অবকাঠামোয় জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার মাধ্যমে ব্যয় কমানোর পরিকল্পনাও তুলে ধরা হয়।
এ ছাড়া সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি। জনগণের কল্যাণে সশস্ত্র বাহিনীর কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন কমিটির সদস্যরা।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














