পুলিশে বিশৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
- সর্বশেষ আপডেট ০৪:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 22
পুলিশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
তিনি বলেন, বর্তমান সময়ে প্রশাসনিক কাঠামো আগের তুলনায় বেশি সমন্বিতভাবে কাজ করছে এবং নতুন সরকারের অধীনে আইনশৃঙ্খলা বাহিনীতে গতি ফিরেছে।
শুক্রবার রাজধানীর খিলক্ষেতে একটি নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, অতীতের করোনাকাল এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ সপ্তাহ নিয়মিতভাবে আয়োজন করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল হওয়ায় নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজনের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, দীর্ঘদিনের বিশৃঙ্খলা অনেকাংশে সামাল দেওয়া সম্ভব হয়েছে এবং পুলিশ বাহিনীকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করার চেষ্টা চলছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা ও সহযোগিতা পাওয়ায় কাজ এগিয়ে নেওয়া সহজ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পোশাক পরিবর্তন ও পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, বর্তমান পোশাকে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সরকার এসব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। তার ভাষায়, ফাইল জটিলতার যে ধীরগতি একসময় ছিল, এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তুলনামূলক দ্রুত হয়েছে।
আবাসন সংকটের কথা তুলে ধরে তিনি জানান, প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্যের বিপরীতে আবাসন সুবিধা রয়েছে অর্ধেকেরও কম। বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং নতুন অর্থবছরে এ সংকট কমাতে উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জনগণের নিরাপত্তায় স্থানীয় পর্যায়ে পুলিশের উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, এতে অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে বাহিনী। জনগণের আস্থা ও মিডিয়ার সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।































