নীলফামারীতে ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু, নানা কর্মসূচি
- সর্বশেষ আপডেট ০৭:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 16
অগ্নি-দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নীলফামারীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। সপ্তাহব্যাপী এ আয়োজন ঘিরে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বুধবার সকালে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যে এবারের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধন করেন নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন উর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টেশনের সাব অফিসার মকবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন ফায়ার ফাইটার সৈকত জাহান সাফিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা শুধু অগ্নিকাণ্ড নয়, যেকোনো দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তিনি সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং দুর্ঘটনা ঘটলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরামর্শ দেন।
সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে জনসচেতনতা বৃদ্ধি, মহড়া ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন থাকবে বলে জানানো হয়েছে।





































