দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের বার্তা
- সর্বশেষ আপডেট ১১:১৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 22
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দলটির নেতাদের সতর্ক করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেছেন, আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল। সাময়িকভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভবিষ্যতে তারা আবার রাজনীতি করবে। তাই এমন রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যা পরবর্তীতে দলটির জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ইতালি থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের প্রসঙ্গে এসব কথা বলেন বাঁধন।
তিনি বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন, তাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।’
বাঁধন আরও বলেন, ‘আপনারা কী ধরনের রাজনীতি করবেন, সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করেছেন। আপনারা এমন রূপরেখা তৈরি করবেন না, যেটার জন্য ভবিষ্যতে আপনাদের লজ্জিত হতে হবে।’
এ সময় বিমানবন্দরে বাঁধনের বাবা প্রকৌশলী আমিনুল হক উপস্থিত ছিলেন।
এর আগে গত সপ্তাহে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি যান বাঁধন। সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রিমিও বিসাতো দ’ওরো পুরস্কার অর্জন করেছে।
গত ৬ সেপ্টেম্বর ভেনিসের সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তার ভাষ্য, তাকে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয়। একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। এ সময় তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও সঙ্গে ছিলেন।
ঘটনার পর দেশের বিভিন্ন শিল্পী ও সংস্কৃতিকর্মী বাঁধনের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তার প্রতি সমর্থন প্রকাশ করেন।





























