জুলাই যোদ্ধাদের ভাতা পাচ্ছেন ১৩ হাজার ৩৪৪ জন
- সর্বশেষ আপডেট ১০:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 14
\জুলাই গণঅভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারী গেজেটভুক্ত ১৪ হাজার ৩৬৯ জন যোদ্ধার মধ্যে ১৩ হাজার ৩৪৪ জনকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ১৫২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, যার মধ্যে ৫০ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারী গেজেটভুক্ত ১৪ হাজার ৩৬৯ জন জুলাই যোদ্ধার মধ্যে ১৩ হাজার ৩৪৪ জনকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত ১৫২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও ভাতা নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। আহত যোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, এ পর্যন্ত ১৫২ জন জুলাই যোদ্ধাকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, আর ৫০ জন এখনো বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসনের জন্য ৩ হাজার ২৪১ জন আগ্রহীর তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে ১ হাজার ৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ভাতার বিষয়ে মন্ত্রী জানান, গেজেটভুক্ত যোদ্ধাদের মধ্যে ১৩ হাজার ৩৪৪ জনের নিজস্ব ব্যাংক হিসাবে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। এর মধ্যে ‘ক’ শ্রেণির যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধারা ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির যোদ্ধারা ১০ হাজার টাকা করে পাচ্ছেন। বাকি যোদ্ধাদের ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।































