জামায়াতের গঠনতন্ত্রে আসছে ১৪ সংশোধনী
- সর্বশেষ আপডেট ০৩:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 51
দীর্ঘ সাত বছর পর দলীয় গঠনতন্ত্রে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে প্রায় ১৪টি সংশোধনী প্রস্তাব করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বর্তমান আমিরের নেতৃত্বে এটিই গঠনতন্ত্রে সবচেয়ে বড় ধরনের সংশোধনের উদ্যোগ। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো, নতুন উপদেষ্টা পরিষদ গঠন এবং বিভিন্ন সাংগঠনিক ধারা হালনাগাদ করা।
সংশোধনী প্রস্তাব অনুযায়ী, গঠনতন্ত্রের ষষ্ঠ অধ্যায়ের ৬৮ নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত করে জেলা ও মহানগর পর্যায়ের আমিরদের আর্থিক ব্যয়ের সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি দলীয় অর্থায়নের উৎস ও অর্থ ব্যবস্থাপনার বিষয়গুলো আরও স্পষ্টভাবে গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশোধনী প্রস্তাব নিয়ে ইতোমধ্যে শুরা বৈঠকে আলোচনা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রস্তাবগুলো প্রথমে সংশোধনী কমিটি, পরে নির্বাহী পরিষদ এবং শেষে শুরা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
তিনি জানান, ২৩তম সংশোধনী প্রস্তাব শুরা সভায় তোলা হয়েছে। কয়েকটি বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হলেও কিছু প্রস্তাব নিয়ে এখনও আলোচনা চলছে।
প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে কেন্দ্রীয় সংগঠনের অধীনে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ও রয়েছে। এ পরিষদে দলের সদস্য নন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার চিন্তা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দলটির নেতারা বলছেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও যুগোপযোগী করতেই গঠনতন্ত্রে এসব সংশোধনী আনা হচ্ছে। চূড়ান্ত অনুমোদনের পর সংশোধিত গঠনতন্ত্র দলীয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

































