খাল খননের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করা হবে: পানিসম্পদ মন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৮:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 7
দেশের খালগুলো পুনঃখননের মাধ্যমে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে সরকার দৃঢ় অবস্থানে আছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, এ উদ্যোগকে জনস্বার্থে অগ্রাধিকার দেওয়া হলেও বাস্তবায়নের পথে কিছু আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে, যা জেলা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মোকাবিলা করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে আগামী ১৬ মে নির্ধারিত খাল খনন কর্মসূচির উদ্বোধনী স্থান পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, খালগুলো মূলত তাদের নির্ধারিত জায়গাতেই থাকা উচিত ছিল। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনায় কোথাও অবৈধ দখল, কোথাও আবার বর্জ্য জমে কার্যত প্রবাহ বন্ধ হয়ে গেছে। এসব দখল ও প্রতিবন্ধকতা সরাতে হলে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই।
তিনি আরও উল্লেখ করেন, খাল খনন কর্মসূচিকে ঘিরে দেশে নতুন করে এক ধরনের গতিশীলতা তৈরি হয়েছে। তাঁর ভাষায়, আগে যেসব উদ্যোগ থেমে গিয়েছিল বা গুরুত্ব হারিয়েছিল, সেগুলো আবার নতুনভাবে শুরু হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে, যদিও এর স্থায়িত্ব নির্ভর করবে ধারাবাহিক বাস্তবায়নের ওপর।
অতীত প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি একটি আন্দোলনের রূপ নিয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান উদ্যোগও বিস্তৃত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় অংশ নেন মন্ত্রী।































