অবৈধ বাংলাদেশি ফেরাতে ঢাকার সহযোগিতা চায় দিল্লি
- সর্বশেষ আপডেট ১০:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 94
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ঢাকার সহযোগিতা চেয়েছে দিল্লি। দুই দেশের মধ্যে এ বিষয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নথি নিষ্পত্তির বিষয়টিও আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, এখন পর্যন্ত ২ হাজার ৮৬২টি নথি পুনরায় যাচাইয়ের তালিকায় রয়েছে।
এসবের অনেকগুলোই পাঁচ বছরের বেশি সময় ধরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে বলে তিনি উল্লেখ করেন। এ প্রক্রিয়া দ্রুত শেষ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রনধীর জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে কার্যকর সমন্বয় ছাড়া এই ধরনের জটিলতা সমাধান সম্ভব নয়। তাঁর ভাষায়, অবৈধভাবে অবস্থানকারী যেকোনো দেশের নাগরিককেই ফেরত পাঠানো ভারতের নীতিগত অবস্থান, এবং সে কারণে বাংলাদেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গও তুলে ধরেন। তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে, যেগুলো নিয়ে একটি কাঠামোবদ্ধ দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা চলে। নিয়মিত বৈঠকের মাধ্যমেই পানিসংক্রান্ত বিভিন্ন ইস্যু সমাধানের চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।






































