কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ১
- সর্বশেষ আপডেট ০৪:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 61
কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. খোকন মিয়া (৪০) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেলিম নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। আহত খোকন মিয়া একই গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে খোকন মিয়াসহ আটজনের একটি দল নিয়ে পাশের বৈরাটিয়াপাড়া গ্রামে ধনিয়াপাতা সংগ্রহ করতে যান হেলিম। জমিতে কাজ করার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে হেলিম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় তার পাশে থাকা খোকন মিয়া বজ্রপাতের বিকট শব্দে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে সঙ্গে থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। আহত খোকন মিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খান বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হেলিমের চার বছর, দুই বছর ও নয় মাস বয়সী তিনটি সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
































