কিশোরগঞ্জে দেড় হাজার অসহায় মানুষের পাশে আবু তাহের মিয়া ফাউন্ডেশন
- সর্বশেষ আপডেট ১২:০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 133
পবিত্র রমজানকে সামনে রেখে কিশোরগঞ্জে দেড় হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আবু তাহের মিয়া ফাউন্ডেশন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহরের তারাপাশা বয়লা এলাকায় অবস্থিত প্রয়াত কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু তাহের মিয়ার বাসভবন প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে আগেই যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্রদের একটি তালিকা প্রস্তুত করা হয়।
নির্বাচিত ব্যক্তিদের হাতে পূর্বেই কার্ড পৌঁছে দেওয়া হয়েছিল, যাতে বিতরণ কার্যক্রমে বিশৃঙ্খলা না হয় এবং সহায়তা যথাযথ মানুষের কাছেই পৌঁছায়। সকাল থেকেই নির্ধারিত স্থানে উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য দেন প্রয়াত মেয়রের পুত্র খাইরুল বাসার মামুন। তিনি বলেন, তাঁর পিতা জীবিত থাকাকালে প্রতি রমজানেই দুস্থ মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করতেন।
পরিবারের সদস্যরা সেই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পরিবারের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত মেয়রের অপর পুত্র ওবায়দুল্লাহ মাহমুদ রাফাত, ভাতিজা মাহবুব হাসান, মেয়ের জামাই বাকের সরকার বাবর এবং কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক হিমেল মাহমুদসহ অন্যান্যরা।




































