ওমরাহ ভিসা পুনরায় চালুর তারিখ জানালো সৌদি আরব
- সর্বশেষ আপডেট ০৫:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 31
হজ মৌসুম সামনে রেখে ১৪৪৮ হিজরি সনের নতুন হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরব। এতে ওমরাহ ভিসা চালু ও প্রবেশ-প্রস্থানসহ গুরুত্বপূর্ণ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৩১ মে থেকে আবারও ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে। একই সময় থেকে ওমরাহযাত্রীদের জন্য সৌদিতে প্রবেশের সুযোগও খুলে দেওয়া হবে।
পরদিন ১ জুন থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ ও ওমরাহ পালনের অনুমতিপত্র ইস্যুর কার্যক্রম পুনরায় চালু হবে। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে ভিড় ব্যবস্থাপনা করা হবে বলে জানা গেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি বছরের ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে, যেহেতু যুলহিজ্জাহ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন মৌসুমে ওমরাহ ভিসা দেওয়া হবে সেপ্টেম্বরের শেষ দিক পর্যন্ত এবং ভিসাধারীরা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন। তবে ওমরাহ পালন শেষে যাত্রীদের আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে।
এর আগে ১১ মে অনলাইন প্ল্যাটফর্মে ওমরাহ সংস্থাগুলোর জন্য প্রাক-পরিষেবা চালু করা হয় এবং ১২ মে থেকে বিভিন্ন চুক্তিভিত্তিক কার্যক্রম ইলেকট্রনিকভাবে শুরু হয় বলে জানায় মন্ত্রণালয়।































