আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর তদন্তে ডিবি
- সর্বশেষ আপডেট ০৯:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 21
অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকার মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলাটি এখন থেকে ডিবি পুলিশ তদন্ত করবে। রোববার এ তথ্য জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।
তিনি জানান, গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ডিবির কাছে দেওয়া হয়।
এদিকে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল রোববার। তবে ডিবি এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন নতুন তারিখ নির্ধারণ করেন।
গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার রাতে ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
মামলায় অভিনেতা যাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির নাম উল্লেখ করা হয়েছে।
যাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের এক ছেলে সন্তান রয়েছে।





































