প্রতিকূলতার মধ্যেও মুনাফা ধরে রেখেছে ওয়ালটন

- সর্বশেষ আপডেট ০৪:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 92
অর্থনৈতিক নানা প্রতিকূলতা ও ব্যবসায়িক চ্যালেঞ্জের মধ্যেও ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২২৪ কোটি ৭৪ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ২২০ কোটি ৮৯ লাখ টাকা।
বুধবার (১১ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পরে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে ওয়ালটনের নিট রাজস্ব আয় হয়েছে ১ হাজার ৬৭৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৪৫১ কোটি ৩ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রয় আয় বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ।
এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৬ টাকা ৬৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ছাড়া ২৮৭ টাকা ৬ পয়সা এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৮ টাকা ১ পয়সায় দাঁড়িয়েছে।
আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমলেও আলোচ্য সময়ে ইতিবাচক পরিচালন নগদ প্রবাহ বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটি জানিয়েছে, সামষ্টিক অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অস্থিরতা, অর্থায়ন ব্যয় বৃদ্ধি এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পরিচালন দক্ষতা ও আর্থিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
এ ছাড়া কার্যকরী মূলধনের সর্বোত্তম ব্যবহার, দেনাদারদের কাছ থেকে পাওনা আদায় ত্বরান্বিত করা এবং সরবরাহকারীদের অর্থ পরিশোধের সময়চক্র কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এসব কৌশলের মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থিতিশীলতা ও আর্থিক সক্ষমতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে ওয়ালটনের।






























