হৃদয়ের প্রথম সেঞ্চুরি, চাপে বাংলাদেশ

- সর্বশেষ আপডেট ১২:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 118
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৭ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। তবে একপ্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়।
আগের দিনের অপরাজিত দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম তৃতীয় দিনের শুরুতে সতর্কতার সঙ্গে ব্যাটিং করেন। চতুর্থ উইকেটে তাদের জুটিতে দলীয় সংগ্রহ একশ পার হয়। তবে ১২৯ রানের মাথায় জোমেল ওয়ারিকানের বলে শর্ট কাভারে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৪ রান করা মুশফিক।
এরপর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওয়ারিকানের ঘূর্ণিতে ৮ রান করে লিটন দাস এবং ১৬ রান করে মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফেরেন। লিটন কাভারে ক্যাচ দেন। আর মিরাজের প্যাডেল সুইপ শট প্রথম স্লিপে দারুণ দক্ষতায় তালুবন্দি করেন গ্রিভস।
একপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও অবিচল ছিলেন হৃদয়। ধৈর্যশীল ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক। তবে বিরতির ঠিক আগে ওয়ারিকানের শিকার হয়ে ফেরেন হাসান মাহমুদও। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানায় লাগলে রিভিউ নিয়ে তাঁকে আউট করে ওয়েস্ট ইন্ডিজ।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৯ ওভারে ৭ উইকেটে ২০৭ রান। ১০০ রানে অপরাজিত রয়েছেন হৃদয়। তাঁর সঙ্গে ক্রিজে আছেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১৫১ রানে পিছিয়ে বাংলাদেশ।
































