চরফ্যাশন সরকারি কলেজে ফেল ৬৩০ শিক্ষার্থী

- সর্বশেষ আপডেট ১০:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 180
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে ভোলার চরফ্যাশন সরকারি কলেজে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৪ দশমিক ৫৮ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৯৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন ৬৩০ জন। ফলাফলে এমন চিত্রে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের মতে, এবারের এইচএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি ছিল। তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে নকল ও অসদুপায় অবলম্বনের সুযোগ না থাকায় প্রস্তুতিতে ঘাটতি থাকা অনেক শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এর প্রভাব পড়েছে ফলাফলে।
পরীক্ষা চলাকালে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরা চরফ্যাশন মহিলা কলেজ কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় ভাঙচুরের অভিযোগে প্রায় ১০০ পরীক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা হয়।
স্থানীয় শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগের বছরগুলোতে পরীক্ষার হলে কিছুটা শিথিলতা থাকায় পড়াশোনায় অমনোযোগী অনেক শিক্ষার্থীও উত্তীর্ণ হতেন। তবে এবার কঠোর নজরদারির কারণে শিক্ষার্থীদের প্রকৃত প্রস্তুতির প্রতিফলন ঘটেছে বলে তাঁদের ধারণা।
শিক্ষাবিদদের মতে, এ ফলাফল কলেজটির শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। ফলাফলের এই চিত্র থেকে শিক্ষা নিয়ে শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

































