সুইজারল্যান্ডে রুমমেটের খণ্ডিত মরদেহ, বাংলাদেশি গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ১০:২২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 103
সুইজারল্যান্ডের একটি আশ্রয়কেন্দ্রে (অ্যাসাইলাম সেন্টার) থাকা এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একই কক্ষে থাকা বুরুন্ডির এক ব্যক্তির খণ্ডিত মরদেহ রাইন নদী থেকে উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ তথ্য জানান।
নিহত ব্যক্তির বয়স ৩৩ বছর। গত ২৪ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর পরিচিত ব্যক্তিরা বিষয়টি পুলিশকে জানান। পরদিন বাসেল শহরের কাছে স্টেইন এলাকায় নদীর তীরে একটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগের ভেতরে মানুষের একটি পা পাওয়া যায়। পরে পুলিশের তল্লাশিতে আরও কয়েকটি ব্যাগ উদ্ধার করা হয়। সেগুলোর মধ্যে মরদেহের অন্যান্য অংশ ছিল।
সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলীয় আর্গাউ ক্যান্টনের সরকারি কৌঁসুলির দপ্তর জানায়, মরদেহটি টুকরো টুকরো করে আবর্জনা রাখার ব্যাগে ভরে রাইন নদী ও নদীর তীরবর্তী এলাকায় ফেলে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় পুলিশ আশ্রয়কেন্দ্রটিতে তল্লাশি চালায়। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে নিহত ব্যক্তির সঙ্গে একই কক্ষে থাকা ৪৩ বছর বয়সী এক বাংলাদেশির ওপর সন্দেহ জোরালো হয়। পরে ২৭ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়।
কৌঁসুলির দপ্তরের বিবৃতিতে বলা হয়, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট ঘটনা ও এর পেছনের কারণ জানতে তদন্ত চলছে। এখন পর্যন্ত এ হত্যাকাণ্ড রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তির মধ্যে মানসিক সমস্যার কিছু লক্ষণ দেখা গেছে।






























