ভেজাল মধুর ভিড়ে খাঁটি মধুর খোঁজে সাতক্ষীরার সাদ্দাম

- সর্বশেষ আপডেট ০৬:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 324
ভেজাল মধুর ভিড়ে মানুষের ঘরে ঘরে খাঁটি মধু পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের সাদ্দাম হোসেন। বাসাবাড়ির ছাদ, মসজিদের কার্নিশ, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদ ও বাগানের পাশে কাঠের ছোট ছোট বাক্স বসিয়ে পালন করছেন ক্ষুদ্র প্রজাতির মৌমাছি। এসব বাক্স থেকে প্রাকৃতিক উপায়ে মধু সংগ্রহ করে বোতলজাত ও বাজারজাত করছেন তিনি। তাঁর স্বপ্ন, ‘একটি বাড়ি, একটি মৌবাক্স’।
গত ১০ বছর ধরে মৌচাষের সঙ্গে যুক্ত সাদ্দামের বর্তমানে সাতক্ষীরার বিভিন্ন স্থানে ২০০টি মৌবাক্স রয়েছে। এ উদ্যোগ থেকে বছরে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা আয় করছেন তিনি। বিসিকের অনুমোদন নিয়ে গড়ে তুলেছেন ‘মৌমাছি কুঠির’ নামের প্রতিষ্ঠান। পাশাপাশি ১০ জন তরুণকে মৌমাছি পালনের প্রশিক্ষণ দিচ্ছেন।
সাদ্দাম জানান, গাছের খোঁড়ল বা ফাঁকে বাসা বাঁধে এমন ক্ষুদ্র মৌমাছি নিয়ে তিনি কাজ করেন। তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে ৮০ জন নিজেদের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে মৌবাক্স স্থাপন করেছেন। এসব বাক্স থেকে মধু সংগ্রহ করে তাঁরা পরিবারের চাহিদা পূরণ করছেন।
সাদ্দামের ভাষ্য, মানুষকে খাঁটি মধু সম্পর্কে সচেতন করাই তাঁর মূল উদ্দেশ্য। প্রতিটি বাড়িতে একটি মৌবাক্স থাকলে পরিবারের সদস্যরা নিজেরাই প্রাকৃতিকভাবে সংগৃহীত মধু পেতে পারেন। একই সঙ্গে মৌমাছির বিস্তার ঘটলে ফুলের পরাগায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
তবে এ উদ্যোগ বাস্তবায়নে বাধার কথাও জানিয়েছেন সাদ্দাম। তাঁর অভিযোগ, ফুলের ক্ষতি বা ফলন কমে যাওয়ার আশঙ্কায় সাতক্ষীরার অনেক কুলবাগানমালিক তাঁদের বাগানের পাশে মৌবাক্স বসাতে দিতে চান না। অথচ মৌমাছি ফুলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে গবেষক, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান তিনি।
সাদ্দামের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া তরুণেরা জানান, মৌমাছি পালন করে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। এ কাজ শিখে ভবিষ্যতে নিজেরাই মৌচাষের মাধ্যমে আয় করতে চান তাঁরা।
মৌচাক থেকে সরাসরি মধু সংগ্রহের দৃশ্য দেখে এবং স্বাদ নিয়ে মধু কিনেছেন সরকারি কর্মকর্তাসহ অনেকে। তাঁদের একজন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, আগে সরাসরি মৌচাক থেকে মধু সংগ্রহের দৃশ্য দেখেননি। সাদ্দামের কাছ থেকে পরিবারের সদস্যদের জন্য মৌচাকসহ মধু সংগ্রহ করেছেন তিনি।
সাতক্ষীরা বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস বলেন, ক্ষুদ্র মৌমাছি পালনে সাদ্দাম অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর উদ্যোগ জেলায় মৌচাষের সম্ভাবনা বাড়াচ্ছে। বর্তমানে সাতক্ষীরায় বিসিকের নিবন্ধিত মৌচাষির সংখ্যা প্রায় ৬০০। মৌচাষিদের প্রশিক্ষণ ও ঋণের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকির কারণে উপকূলীয় সাতক্ষীরায় মৌমাছির বিস্তার গুরুত্বপূর্ণ। উপকূলের কয়েকটি জেলায় মৌমাছি পালন, প্রশিক্ষণ ও জনসচেতনতা তৈরির প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে, যার মধ্যে সাতক্ষীরাও রয়েছে। কুলবাগানের পাশে মৌবাক্স স্থাপনে কৃষকদের অনীহা দূর করতে প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সাতক্ষীরা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক জামালউদ্দীন বলেন, মৌমাছি ফুল ও ফসলের বন্ধু। অনেক সময় সরিষা ও কুলচাষিরা না বুঝে মৌবাক্স নষ্ট করেন কিংবা মৌচাষিদের ক্ষতি করেন। এ বিষয়ে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের কৃষকদের সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সাতক্ষীরায় বছরে শুধু সরিষা ও কুলের ফুল থেকে দুই কোটি টাকার বেশি মধু সংগ্রহ হয়। এতে মৌচাষিদের আয় বাড়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মৌমাছির পরাগায়নের ফলে ফসলের উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ছে।
এদিকে খাঁটি মধুর চাহিদাকে কাজে লাগিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ভেজাল মধু তৈরি করে বাজারজাত করছেন বলে অভিযোগ রয়েছে। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। ভেজাল মধু বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেলে প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন বিসিক কর্মকর্তা।
খাঁটি মধু উৎপাদন, তরুণদের কর্মসংস্থান ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন সাদ্দাম। তাঁর স্বপ্ন, একদিন প্রতিটি বাড়িতে থাকবে একটি করে মৌবাক্স, আর মানুষ নিজেরাই সংগ্রহ করতে পারবেন প্রাকৃতিক মধু।






























