চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য, দুই জেলের কারাদণ্ড

- সর্বশেষ আপডেট ১২:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 122
ভোলার চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে দুই জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও দুই জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। লিখিত মুচলেকা নিয়ে দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেতুয়ার কাছে মেঘনা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’-এর আওতায় পরিচালিত অভিযানে ছয় জেলেকে আটক করা হয়। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে একটি মাছ ধরার নৌকা, ১৮ হাজার মিটার অবৈধ জাল এবং ১৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে লিখিত মুচলেকা নিয়ে নৌকাটি ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সক্রিয় রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের প্রজনন রক্ষায় জেলে ও সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।































