‘জনগণের আস্থা সেনাবাহিনীর ওপর’
- সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 22
মানিকগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখা, সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সঙ্গে খাবার ও চা পান করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেন।
তিনি ফার্ম বেস, রেইড মহড়া, যুদ্ধকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন। সেনা বাঙ্কারে নেমে কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন, ছদ্মবেশে থাকা সদস্যদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।
একপর্যায়ে মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য রান্না করা খাবার খেয়ে তাদের সঙ্গে চা পান করেন প্রধানমন্ত্রী।
পরে তিনি বলেন, ‘দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।’ জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।





































