‘সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে’
- সর্বশেষ আপডেট ০৭:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 15
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, বর্তমান সরকারও বিগত সরকারের পথ অনুসরণ করছে। তার দাবি, দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন-পীড়ন ও বৈষম্য আগের তুলনায় আরও বেড়েছে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬’-এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, “সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, গণতান্ত্রিক চর্চা ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে।”
তিনি দাবি করেন, শুধু জনসমর্থন নিয়ে সরকার গঠন করলেই দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, অংশগ্রহণমূলক রাজনীতি এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জুলাইয়ের বৈষম্যবিরোধী গণআন্দোলনের যে চেতনার কথা বলা হচ্ছে, বাস্তবে তার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় দেখা যাচ্ছে না। বরং সেই চেতনার নামেই নতুন করে বৈষম্য ও দমন-পীড়নের সংস্কৃতি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, রাজনৈতিকভাবে ভিন্নমতাবলম্বীদের হেনস্তা, সভা-সমাবেশে বাধা এবং আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো পদক্ষেপ গণতন্ত্রের জন্য শুভ নয়।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ টেনে জি এম কাদের বলেন, “কেবল একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা দমন করলেই দেশের সংকটের সমাধান হবে না। বরং রাজনৈতিক অন্তর্ভুক্তি, জবাবদিহিতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।”
তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। একই সঙ্গে কর্মসংস্থানের অভাবে তরুণদের মধ্যে হতাশা বাড়ছে, যা তাদের একটি অংশকে মাদক ও অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।
এ ছাড়া বিচার বিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মাধ্যমে দুর্বল করে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।





























