পুশইন সংকট সমাধানে বাংলাদেশ-ভারত সংলাপ চায় জাতিসংঘ
- সর্বশেষ আপডেট ০৯:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 14
বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ও মানবিক সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলেছে, সমস্যার সমাধান দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমেই করতে হবে। একই সঙ্গে সীমান্তে আটকে পড়া মানুষের মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি এবং পুশইন ইস্যুর সমাধানে দুই দেশের পারস্পরিক সংলাপের ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, যেকোনো আলোচনায় সীমান্তে আটকে পড়া মানুষের মৌলিক মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে।
বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এক সাংবাদিক সীমান্ত এলাকায় নারী ও শিশুদের মানবেতর পরিস্থিতির কথা তুলে ধরে জাতিসংঘের অবস্থান জানতে চাইলে ডুজারিক বলেন, এ ধরনের বিষয় দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। তবে আলোচনার পুরো প্রক্রিয়ায় মানবিক মূল্যবোধ ও অধিকার রক্ষা নিশ্চিত করতে হবে।
ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়েও আলোচনা হয়। এ সময় প্রশ্ন করা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মহাসচিব আন্তোনিও গুতেরেসের অভিজ্ঞতা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে কি না।
জবাবে ডুজারিক বলেন, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব মূলত পরিষদের কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পর্কিত। মহাসচিব ও সভাপতির যোগাযোগও সেই কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং মানবিক সহায়তায় জাতিসংঘের চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে।































