আইটি খাতে লুটের অভিযোগ করেছে বিএনপি
- সর্বশেষ আপডেট ০৪:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 13
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, গত ১৭ বছরে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। তার দাবি, প্রযুক্তির ব্যবহার বাড়লেও সাধারণ মানুষের সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ হয়নি।
মঙ্গলবার নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিজের নামে নামজারি সম্পন্ন করতে পারেননি, যা ভূমি ব্যবস্থাপনার জটিলতার চিত্র তুলে ধরে।
মঈন খান বলেন, শুধু ডিজিটাল সেবার প্রচার নয়, বাস্তবে মানুষের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। বর্তমান সরকার ভূমি সেবা সহজ করতে ইলেকট্রনিক পদ্ধতি চালু করেছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান।
পরে ড. আব্দুল মঈন খান ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

































