সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা সামসুদ্দোহার মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 33
নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দোহা (৮৪) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন সামসুদ্দোহা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া পুরানবাড়ি এলাকার মৃত মহি উদ্দিনের সন্তান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় নিজ গ্রাম কাঞ্চনপাড়ায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
রাজনৈতিক জীবনে সামসুদ্দোহা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীনতার পরবর্তী সময়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নে যুক্ত ছিলেন।
আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তিনি রাশিয়ান কমিউনিস্ট পার্টির সাবেক পলিটব্যুরো সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে নীলফামারীসহ দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংগঠন ও স্থানীয় ব্যক্তিরা তাঁকে সৎ, দেশপ্রেমিক ও মানবিক রাজনীতিবিদ হিসেবে স্মরণ করেছেন।
































