ইলিশের দাম চড়া, কমেছে মুরগির দর

- সর্বশেষ আপডেট ০১:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 225
পহেলা বৈশাখের বাজারে ইলিশের দামে আগুনের উত্তাপ থাকলেও কিছুটা কমেছে মুরগির দাম। রাজধানীতে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে নববর্ষের চাহিদার কারণে বড় ইলিশের কেজি ৩ হাজার ৭০০ টাকা ছাড়িয়েছে। সবজির বাজার এখনও আগের মতোই চড়া।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নতুন বছরের প্রথম দিনে রাজধানীর বাজারগুলোতে মিশ্র চিত্র দেখা গেছে। উৎসবের পাতে বাঙালির প্রিয় ইলিশ মাছের দাম সাধারণের নাগালের বাইরে থাকলেও ব্রয়লার ও সোনালি মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
পহেলা বৈশাখ মানেই পান্তা-ইলিশের আয়োজন, আর এই চাহিদাকে পুঁজি করেই চড়া দামে বিক্রি হচ্ছে মাছটি। এক কেজির বেশি ওজনের বড় ইলিশের দাম ৩,৭০০ থেকে ৪,০০০ টাকা। ৮০০-৯০০ গ্রামের মাঝারি ও ছোট ইলিশ ১,৮০০-২,০০০ টাকা এবং ছোট ইলিশের কেজি ১,০০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে।
বিক্রেতারা জানান, গতকাল রাত পর্যন্ত বিক্রি ভালো হলেও আজ সকাল থেকে ক্রেতার উপস্থিতি কিছুটা কম।
মুরগির বাজারে স্বস্তি: গত সপ্তাহের তুলনায় আজ মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। প্রতি কেজি ১৮০-১৯০ টাকা (যা আগে ছিল ২০০-২১০ টাকা)। মানভেদে ৩৮০ থেকে ৪১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে, পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।































